সাবেক ভিসি কলিমউল্লাহর ৫ দিনের রিমান্ড


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদক অভিযোগ করেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, কলিমউল্লাহসহ আসামিরা প্রকল্পের নকশা পরিবর্তন করে ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন করলেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেননি। উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে, ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

দুদকের আবেদনে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও আদালত শুনানি শেষে ৫ দিন মঞ্জুর করেছেন। এখন দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে সাবেক ভিসিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। এই মামলার অগ্রগতি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।