লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ অন্তত ১১ জনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের নেতা, আইনজীবী ও শিক্ষকরাও রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনাকে ঘিরে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বিকৃতি রোধে গঠিত প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর প্রথম কর্মসূচি ছিল এটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের, যদিও তিনি আসেননি।

আলোচনায় বক্তব্য দেওয়ার সময় অধ্যাপক কার্জনের মন্তব্যের পরপরই ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল যুবক প্রবেশ করে স্লোগান দিতে থাকে এবং ব্যানার ছিঁড়ে গোলটেবিল ভেঙে দেয়। তারা উপস্থিতদের অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লেও হাতাহাতির ঘটনা ঘটেনি।

অবশেষে রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ অন্যদের হেফাজতে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বিশৃঙ্খলার মধ্যে একটি টেবিল ভেঙে যায় এবং উপস্থিত মুক্তিযোদ্ধারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ডিবি কার্যালয় থেকে নেওয়া হবে।