“সবচেয়ে ঝুঁকিপূর্ণ ত্রয়োদশ নির্বাচন, সততার বিকল্প নেই: ইসি আনোয়ারুল ইসলাম”


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জীবন বাজি রাখলেও নির্বাচনে অনিয়মের সুযোগ নেই।

ইসি আনোয়ারুল ইসলাম স্পষ্ট ভাষায় জানান, কমিশনের একমাত্র লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এজন্য প্রিসাইডিং অফিসারদের শক্তিশালী ও দক্ষ হতে হবে। তাদের সততা ও সাহসের ওপরই নির্ভর করছে প্রতিটি ভোটকেন্দ্রের ভাগ্য।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি দুর্বল হয়ে যাওয়ায় নানা চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। তবে গোপনীয়তা ও দায়িত্বশীলতার মাধ্যমে কমিশনের মর্যাদা রক্ষা করতেই হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সব সমস্যার তালিকা তৈরি করে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

ইসির বার্তা স্পষ্ট—ভালো নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই।