নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্তিমিত হয়ে গেছে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী চেতনা অর্জিত হয়েছে, যা দেশের বড় সম্পদ। তবে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও অসুবিধাগ্রস্ত মানুষের অংশগ্রহণ না থাকায় সংস্কারের কার্যকারিতা সীমিত। তিনি জোর দিয়েছেন, বাস্তবায়নের জন্য নাগরিকদের জবাবদিহিমূলক চাপ অপরিহার্য।
সিপিডির আরেক ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৯১ সালের ২৯টি টাস্কফোর্সের মতো বহু সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি। অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, সংস্কারবিরোধী শক্তি এখনো সরকারের ভেতর বিদ্যমান। ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিমূলক রাখার ক্ষেত্রে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এছাড়া রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :