আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠক শুরু হবে বিকেল ৫টায়। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন—আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর ভাষায়, “নির্বাচনের কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আয়োজন করা হবে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রতিটি রাজনৈতিক দলের প্রতিই একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ড. ইউনূস। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ঘিরে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে দলগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।

জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব জানান, দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।