দেশ থেকে পালালেও ভারতে গিয়ে হাসিনা শয়তানি করছেন: ফখরুল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “এবারের রাজনীতি আগের মতো হবে না। নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করতে হবে। শুধু স্লোগানের রাজনীতি নয়, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো আপস হবে না। শেষ রক্তবিন্দু পর্যন্ত স্বাধীনতা রক্ষা করা হবে। আওয়ামী লীগের কেউ আক্রমণ করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আইন মেনে চলা হবে এবং ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে। তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরও সতর্ক করে বলেন, ছাত্র সংসদ নির্বাচন বা অন্য কোনো স্থানে গণ্ডগোল করা যাবে না।

এছাড়া তিনি পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।