জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে ঢাকা-আরিচা মহাসড়ক। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রাখেন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে।
লোকপ্রশাসন বিভাগের ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের বাসে উঠছিলেন। প্রথমে চালকের সহকারী তার গন্তব্য জানতে চাইলে তিনি বিশ্ববিদ্যালয়ের নাম বলেন। বাসে ওঠার পর ফের একই প্রশ্নে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ বলতেই চলন্ত অবস্থায় সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। গুরুতর আহত না হলেও তার পায়ে আঘাত লাগে। খবরটি দ্রুত বিশ্ববিদ্যালয়জুড়ে ছড়িয়ে পড়লে সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে ২৮ বাস জব্দ করেন।
ভুক্তভোগী ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি আহত হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” তার সহপাঠীরা দাবি তুলেছেন—দোষী বাসকর্মীর শাস্তি, ভুক্তভোগীর চিকিৎসা খরচ বহন, পরিবহন কর্তৃপক্ষের লিখিত মুচলেকা এবং ক্ষমা প্রার্থনা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে “অত্যন্ত ন্যক্কারজনক” বলে আখ্যা দিয়ে জানান, এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। তিনি বলেন, “একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। বুধবার মালিকপক্ষ আসবে, আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :