সীমানা পুনর্নির্ধারণী গেজেট প্রকাশ ইসির

সংসদীয় আসন কমল বাগেরহাটে, বাড়ল গাজীপুরে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়।

নতুন গেজেট অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে—যেখানে আগে ৫টি ছিল, এখন হবে ৬টি। অন্যদিকে বাগেরহাটে আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩ করা হয়েছে।

এবার যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮ এবং বাগেরহাট-২, ৩।

এর আগে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করে কমিশন। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ভূগোলবিদ, নগরবিদ ও পরিসংখ্যানবিদসহ ৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ৬৪ জেলার আসনসমূহ পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রদান করে।