বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই। আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
দীর্ঘ ৯৪ বছরের জীবনে বদরুদ্দীন উমর শিক্ষকতা, লেখালেখি ও রাজনীতিতে রেখেছেন উজ্জ্বল ভূমিকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। ১১ বছরের শিক্ষকতা শেষে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে বাম রাজনীতিতে যুক্ত হন এবং আমৃত্যু তা লালন করেছেন।
তার লেখনী ও চিন্তার মাধ্যমে বাংলাদেশের বামপন্থী রাজনীতি, সমাজ বিশ্লেষণ এবং সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বদরুদ্দীন উমর। সরকার তাকে স্বাধীনতা পুরস্কারসহ একাধিক রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করলেও তিনি নীতিগত কারণে কোনোটিই গ্রহণ করেননি। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রজ্ঞাবান চিন্তাবিদ ও সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।
আপনার মতামত লিখুন :