ঢাকার নবাবগঞ্জের পানালিয়া ওয়ান্ডেরালা গ্রিনপার্ক থেকে রোববার সকাল ১১টায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহাকে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন এবং গত শনিবার মদ্যপান করে কাজের লোকজনকে হুমকি-ধামকি দেন।
ঘটনার পর রাতে এক কর্মচারী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সামসুদ্দোহা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার চালায় এবং নিজের কক্ষের দরজা আটকে ভেতরে অবস্থান করেন। রাতভর পুলিশ তার কক্ষের দরজা খোলার জন্য অপেক্ষা করে এবং রোববার সকাল ১১টায় তাকে গ্রেপ্তার করে। তার লাইসেন্সকৃত পিস্তলও জব্দ করা হয়েছে।
ড. খন্দকার সামসুদ্দোহা ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১১ সালে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হন এবং একই বছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে নিযুক্ত হন। নিয়ম বহির্ভূত কার্যকলাপ ও দুর্নীতির অভিযোগের কারণে ২০১৫ সালে তিনি ওই পদ থেকে অব্যাহতি পান এবং ২০১৬ সালে পুলিশ বাহিনী থেকে অবসর নেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম জানান, সাবেক আইজিপির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান নিশ্চিত করেছেন, গ্রেপ্তারের পর আদালতে তাকে হাজির করা হয়েছে।
আপনার মতামত লিখুন :