আইএসপিআর

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আসন্ন বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না বলে জানানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। তবে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

পোস্টে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র। সেনাবাহিনী আশা করে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হবে এবং এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিক শুভকামনাও জানানো হয়েছে।