রোববার (৭ সেপ্টেম্বর) রাতে আকাশে দেখা মিলেছে এক অনন্য চাঁদের। কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করেছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মনোমুগ্ধকর দৃশ্য। ওই রাতে চাঁদ যখন পৃথিবীর ছায়ার ভেতর দিয়ে অতিক্রম করে, তখন সেটি এক অনন্য রক্তিম আভা ধারণ করে। এই সময় চাঁদ কালচে লাল রঙে পরিণত হয়, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়, তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর, ফলে সৃষ্টি হয় চন্দ্রগ্রহণের। রোববার রাতে মেঘমুক্ত আকাশ থাকায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে খালি চোখেই দেখা গেছে এই মহাজাগতিক সৌন্দর্য। শুধু বিজ্ঞানপ্রেমী নয়, সাধারণ মানুষও রাতের আকাশে নজর রেখে উপভোগ করেছেন এই বিরল মুহূর্ত।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি বাংলাদেশ, ভারত, চীন, জাপান, পাকিস্তান, রাশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকে স্পষ্টভাবে দেখা গেছে। এটি ২০২২ সালের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যার স্থায়িত্ব ছিল টানা ৮২ মিনিট। তবে উত্তর আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায়নি, শুধুমাত্র আলাস্কার সুদূর পশ্চিমাঞ্চলে আংশিকভাবে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :