ডাকসু নির্বাচন

জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ২:৫১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ডাকসু, জাকসুসহ অন্যান্য ছাত্রসংসদের নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।”

উপদেষ্টা আরও জানান, আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে আলোচিত হলো যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং গণমাধ্যমেও এ ধরনের খবর পাওয়া যায়নি।

তিনি আশা প্রকাশ করেন, ডাকসুর পর আগামী জাকসুসসহ অন্যান্য নির্বাচনও সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।