জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালো ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, শুরু থেকেই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে এবং ভোটের নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি।
ছাত্রদলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ সংগঠনটির মনোনীত অন্যান্য প্রার্থীরা সংবাদ সম্মেলনে জানান, তাজউদ্দীন হলে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবির অনুপস্থিতি, ২১ নম্বর হলে সৃষ্ট মব পরিস্থিতি এবং জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তারা।
বৈশাখী বলেন, “নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন আমরা চাইনি। ওই প্রতিষ্ঠানের ব্যালটেই ভোট চলছে। ১০ থেকে ২০ শতাংশ ব্যালট শিবিরকে দেওয়া হয়েছে কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, মেয়েদের হলে একাধিকবার একই ছাত্রীকে ভোট দিতে দেখা গেছে। শিবিরপন্থী সাংবাদিকরাও ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন।
ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের প্রকৃত রায় প্রতিফলিত হচ্ছে না। এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন বর্জন করা ছাড়া তাদের আর কোনো পথ খোলা ছিল না।
আপনার মতামত লিখুন :