ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, নবজন্মের মহোৎসবের ঘোষণা প্রধান উপদেষ্টার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন— এমন ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এ নির্বাচন হবে জাতির নবজন্মের মহোৎসব।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত রাজনৈতিক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “এটি শুধু একটি নির্বাচন নয়; এটি হবে জাতির সত্যিকার নবজন্মের সূচনা। এত ত্যাগ-রক্তের স্বার্থকতা নিহিত থাকবে এই নবজন্মের মধ্য দিয়েই।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অগ্রগতি কেবল বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। “কমিশনের শুরুতে সন্দেহ ছিল এটি টিকে থাকবে কি না, কিন্তু আজ আমরা যেভাবে সমাধানের পথে এগিয়েছি, তা বিশ্বব্যাপী দৃষ্টি কাড়বে।”

প্রধান উপদেষ্টা এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের হাতে এখন এক ঐতিহাসিক সুযোগ এসেছে— আলাদিনের প্রদীপের মতো। চাইলে ক্ষুদ্র সাফল্যে থামতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়ার পথে এগোতে পারি। এই সুযোগ দ্বিতীয়বার আর আসবে না।”

তিনি রাজনৈতিক দল ও কমিশন সদস্যদের উদ্দেশ করে বলেন, “আপনারা ইতোমধ্যেই ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন নিখুঁত সমাপ্তিই আমাদের লক্ষ্য। ব্যর্থতার কোনো সুযোগ নেই। ঐকমত্যের পথেই আমরা এগোবো, নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহাউৎসবের যাত্রা শুরু করব।”

সংলাপে আরও বক্তব্য দেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।