বাংলার মুখ ডেস্ক
নড়াইল-যশোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্যসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়ার আবু জাফর। নিহত আবু জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস। এতে বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে বাঁশ ঢুকে পড়ে যাত্রীদের ওপর।
ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নড়াইল সদর হাসপাতালে রাত সাড়ে ১২টার দিকে মারা যান এসআই নিক্কন আঢ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, নিক্কন আঢ্য বাংলাদেশ পুলিশের ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট ছিলেন। র্যাবে কর্মরত থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। রোববার মুন্সিগঞ্জ আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর আহতদের অনেকেই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার মতামত লিখুন :