বাংলার মুখ ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের পুরোনো লোকোমোটিভ সংকট নিরসনে বড় সহায়তা নিয়ে আসছে চীন। বিনামূল্যে ২০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ দিতে ১ হাজার ৫৯১ কোটি টাকার অনুদান ঘোষণা করেছে দেশটি।
রেল মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৩৫ কোটি টাকা। এর মধ্যে চীন দেবে প্রায় পুরো অর্থই, আর বাকি ৪৪ কোটি টাকা যোগান দেবে সরকার। ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রকল্প শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ইঞ্জিন সরবরাহ সম্পন্ন হবে। এ সময় বাংলাদেশি প্রকৌশলী ও মেকানিকদের প্রশিক্ষণও দেওয়া হবে।
বর্তমানে রেলওয়ের বহরে থাকা ১৭৪টি মিটারগেজ লোকোমোটিভের বেশিরভাগই আয়ুষ্কাল অতিক্রম করেছে। এর মধ্যে ৭১ শতাংশ ইঞ্জিন নকশাগত সীমা পার করেছে; অনেক ইঞ্জিন চলছে ৩০ থেকে ৪০ বছরেরও বেশি সময় ধরে। এতে ঘন ঘন বিকল হওয়া, যন্ত্রাংশের সংকট, রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয় ও সেবায় অস্থিরতা তৈরি হয়েছে।
রেল কর্মকর্তাদের মতে, নতুন ইঞ্জিন যোগ হলে যাত্রী ও মালবাহী পরিবহনে নতুন সেবা চালু করা সম্ভব হবে, রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে এবং নির্ভরযোগ্যতা বাড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদে শুধু ২০টি লোকোমোটিভ যথেষ্ট নয়। রেলওয়ের কার্যকারিতা ধরে রাখতে এবং যাত্রী ও মালবাহী পরিবহনে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন।
আপনার মতামত লিখুন :