বাংলার মুখ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ তরুণকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পান।
ড. ইউনূস বলেন, দেশের যুব সমাজ উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতা অগ্রযাত্রা থামাতে পারবে না। তরুণরা শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের ক্ষুদ্র প্রচেষ্টা হাজারো মানুষের জীবন ও দেশের উন্নয়নে বিশাল প্রভাব ফেলতে পারে।
শেষে তিনি তরুণদের আহ্বান জানান, মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে।
আপনার মতামত লিখুন :