দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এবার মোট এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ ভারতে গেছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং মিলে আটটি ট্রাকে ইলিশ রপ্তানি করেছে। আর আমদানিকারক হিসেবে রয়েছে ভারতের ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল।
সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম দর ১২ দশমিক ৫ ডলার নির্ধারণ করেছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫০ টন ও ন্যূনতম ২০ টন পর্যন্ত রপ্তানির সুযোগ মিলেছে। প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে এবং অনুমোদন অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয়। প্রয়োজনে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে।
পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে বিশেষ জনপ্রিয় হলেও উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর দীর্ঘদিন রপ্তানি বন্ধ ছিল। তবে দুর্গাপূজার আগে বিশেষ বিবেচনায় এ অনুমতি দেওয়া হয়। গত বছর অনুমোদিত ২ হাজার ৪২০ টনের বিপরীতে মাত্র ৫৩২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে অনুমোদিত পরিমাণের তুলনায় রপ্তানির হার তুলনামূলকভাবে কম থাকছে।
স্বর্ণালি এন্টারপ্রাইজের কর্ণধার সাইফুল ইসলাম জানান, এবার রপ্তানি করা ইলিশের ওজন ৯০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে। সরকারের নির্ধারিত দামে পাঠানো এসব ইলিশ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :