রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড়ে সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল খাতে ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও দায়ীদের চাকরিচ্যুতি, বিতর্কিত নিয়োগবিধি-২০২১ সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির নিয়ম বাতিল ও আধুনিক চার বছর মেয়াদি কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষিতদের নিয়োগ।
এছাড়া তারা স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় গঠন, কারিগরি শিক্ষা সংস্কার কমিশন প্রতিষ্ঠা, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ ভর্তি নিশ্চিতের দাবি জানান।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি সাতরাস্তা মোড়ে গিয়ে অবস্থান নিলে সেখানে প্রায় আধাঘণ্টা যানজট সৃষ্টি হয়। বুধবারের অবরোধে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
আপনার মতামত লিখুন :