জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান অথবা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জনপ্রশাসন সচিবের দায়িত্ব নিতে পারেন।
এর আগে গত বছরের ২৮ আগস্ট সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনে নানা বিতর্কের জন্ম দেন।
পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম, সচিব ও জেলা প্রশাসক নিয়োগে পক্ষপাতিত্বসহ আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসনে তীব্র সমালোচনার জন্ম দেয়।
আপনার মতামত লিখুন :