স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে মৃত ১৮৭


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫:
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।

মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণে ৩ জন ও ঢাকা উত্তরে ২ জন ছিলেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮৪১ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ৫৭৫ জন মারা যান। এর আগের বছর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।