স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইপিআই ও টাইফয়েড টিকাদান কার্যক্রম স্থগিত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

বেতন বৈষম্য, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানাচ্ছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

ফলে আগামী ১ অক্টোবর থেকে দেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য রিপোর্টিং কার্যক্রমও বন্ধ থাকবে।

সংগঠনটি অভিযোগ করেছে, দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের প্রাণঘাতী ১০টি রোগ থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন কাজ করলেও এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এতে সরকারি অন্যান্য কর্মচারীদের তুলনায় তাদের বেতন বৈষম্যের শিকার হতে হচ্ছে।

বিএইচএএ সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরী বলেন, “আমরা শুধু আশার বাণী শুনে যাচ্ছি। তাই ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য।”

ছয় দফা দাবি-

১. নিয়োগবিধি সংশোধন
২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক সংযোজন
৩. ১৪তম গ্রেড প্রদান
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৫. বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ
৬. অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়ন

স্বাস্থ্য সহকারীরা স্পষ্ট জানিয়েছেন, আগের মতো এবার আর আশ্বাসে আন্দোলন থামানো যাবে না। দাবি বাস্তবায়ন না হলে টিকাদান বন্ধ থাকবে।