ছাত্র-জনতার জুলাই গণআন্দোল

জুলাই আন্দোলন দমনে ৩ লাখ রাউন্ডের বেশি গুলি ব্যবহার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

ছাত্র-জনতার জুলাই গণআন্দোলন দমনে ঢাকায় একাই ৯৫ হাজারের বেশি এবং সারা দেশে ৩ লাখ ৫ হাজার রাউন্ডের বেশি গুলি ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, পুলিশের সদর দপ্তরের ২১৫ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ আছে, আন্দোলন দমনে এলএমজি, এসএমজি, রাইফেল, শটগান, রিভলভার ও পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করা হয়। শুধু ঢাকাতেই ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড, আর সারাদেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি।

তদন্ত কর্মকর্তা বলেন, সংগ্রহ করা আলামত, পত্রপত্রিকা, ভিডিও, অডিও, বই, বিশেষজ্ঞ মতামত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে স্পষ্ট হয়েছে—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন।

২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা, হত্যাচেষ্টা, হাজারো মানুষকে গুরুতর জখম, নির্বিচারে আটক ও নির্যাতন করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এছাড়া আন্দোলনকারীদের ওপর যৌন নিপীড়ন, মরদেহ লুকিয়ে দাফন, চিকিৎসায় বাধা ও আহতদের ওপর পুনরায় হামলার মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়।

ট্রাইব্যুনালে দেওয়া এ সাক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ব্যাপক দমন-পীড়নের নৃশংস চিত্র ফুটে উঠেছে।