আইজিপি

আসন্ন নির্বাচনে ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পরাজিত, পলাতক ও পতিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলা করা। তাদের নেতাকর্মী ও সমর্থকরাও আইনশৃঙ্খলার জন্য সমান বড় হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি জানান, ২০২৪ সালের আগস্টে থানা ফাঁকা হওয়ার পর থেকে মাত্র এক বছরে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল বড় চ্যালেঞ্জ। এখন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য।

মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা প্রসঙ্গে প্রশ্ন করলে আইজিপি বলেন, “সক্ষমতা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। সেনাবাহিনীসহ বেসামরিক প্রশাসনের সহযোগিতায় আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। প্রয়োজন হলে নিবর্তনমূলক আটক ব্যবস্থাও নেওয়া হতে পারে।”

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি জানান, এখনো ১ হাজার ৩৫০টি অস্ত্র উদ্ধার হয়নি। এগুলো বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসীদের হাতে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগামী নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য মোতায়েন করা হবে জানিয়ে আইজিপি বলেন, “প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে আধুনিক অডিও-ভিডিও পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করেই প্রশিক্ষণের মডিউল তৈরি করা হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতার ভিত্তিতে আমরা নির্বাচনে দায়িত্ব পালন করবো। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।