নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে। এ তথ্য মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।
ইসি জানায়, দুই দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। অন্যদিকে ১২টি দলের বিষয়ে আরও যাচাই-বাছাই চলবে এবং ৭টি দলের আবেদনই বাতিল করা হয়েছে।
ইসি সচিব বলেন, “নিবন্ধনের জন্য মাঠপর্যায়ে তদন্ত করা ২২টি দলের মধ্যে দুটি দলকে যোগ্য মনে করা হয়েছে। এনসিপি তাদের প্রতীকের জন্য একটি চিঠি পাবেন। তবে নিবন্ধনের অফিসিয়াল বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।”
এছাড়া, তিনটি দল—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)—ইসির পর্যবেক্ষণে রয়েছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধন আদালতের রায় অনুযায়ী নিশ্চিত হবে।
৯টি দলের কার্যকারিতার বিষয়ে আরও তদন্ত চলবে। এসব দল হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।
মাঠপর্যায়ে তদন্তকৃত ২২টি দলের মধ্যে ৭টি দলকে বাতিল করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।
আপনার মতামত লিখুন :