মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বিপাকে দুই লাখ জেলে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

এ সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়বেন দুই লাখেরও বেশি জেলে। নিবন্ধিত প্রতিটি জেলেকে পুনর্বাসনের অংশ হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে মৎস্য বিভাগ। তবে জেলেদের অভিযোগ, বরাদ্দ চাল দ্রুত বিতরণ না হলে তারা চরম সংকটে পড়বেন।

নিষেধাজ্ঞার খবরে নদীর ঘাটে নৌকা-ট্রলার বেঁধে রেখেছেন জেলেরা। কেউ কেউ শেষবারের মতো নদীতে জাল ফেললেও মধ্যরাতের আগে ফিরে এসেছেন। অনেকে আগেই জাল-নৌকা তীরে তুলে এনেছেন।

জেলেরা জানাচ্ছেন, মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় তারা ঋণ শোধ করতে পারেননি। এখন মাছ ধরা বন্ধ থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে। বরাদ্দ চালেও প্রায় ১০ হাজার জেলে বঞ্চিত থাকবেন বলে জানা গেছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, এক সপ্তাহের মধ্যেই চাল বিতরণ করা হবে। নিষেধাজ্ঞা সফল করতে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালাবে।

তাদের দাবি, মা ইলিশ রক্ষায় এই কঠোর পদক্ষেপ ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।