সারজিস আলম

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “কিছু উপদেষ্টা শুধু দায়িত্ব থেকে পালানোর পথ খুঁজছেন। তারা মনে করেন, নির্বাচন শেষে দায়সারা দায়িত্ব পালন করলেই মুক্তি মিলবে। কিন্তু এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যদি তারা ভয় পান দায়িত্ব পালনে, তাহলে তাদের এই দায়িত্বে থাকার প্রয়োজন নেই। যারা এভাবে চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে নেবে।”

মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, “শাপলা প্রতীকে নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ না করে অভ্যুত্থান-পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসিকে স্বাধীনতা ও আস্থার জায়গায় থেকেই কাজ করতে হবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে নির্বাচন করবে কি না, তা নিয়ে দলের শীর্ষ নেতারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নভেম্বরের মধ্যেই সব জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠনের কাজ সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ভালো মানুষরা চাইলে নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারেন। তবে আওয়ামী লীগের যেকোনো সংস্করণ, অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়। এনসিপি তা কখনোই মেনে নেবে না।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।