চার মাস ধরে রাজধানীর বাজারে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। ক্রেতারা বলছেন, মৌসুম না থাকা বা বৃষ্টিতে ফসল নষ্টের অজুহাতে বিক্রেতারা লাগামহীন দামে সবজি বিক্রি করছেন। বর্তমানে বাজারে পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন (গোল) বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, লম্বা বেগুন ১০০ টাকায়, টমেটো ১৩০ টাকায়, করলা ও বরবটি ১০০ টাকায়, ঢেঁড়স, শসা, মুলা, ধন্দুল, চিচিঙ্গা ৮০ টাকায়, আর পটল ও ঝিঙা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, কাঁচা মরিচ ২০০ টাকায়, আর লাউ প্রতি পিস ৭০ টাকায়।
ক্রেতারা অভিযোগ করেছেন, টানা চার মাস ধরে অযৌক্তিকভাবে সবজির দাম বেশি রাখা হচ্ছে। চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, “আগে এক কেজি সবজি কিনতাম, এখন একই দামে আধা কেজি নিতে হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এত দামে বাজার করা সম্ভব নয়।”
অন্যদিকে মগবাজারের সবজি বিক্রেতা সৌরভ দাবি করেন, সাম্প্রতিক বৃষ্টিতে খেতের ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে। এতে দাম বেড়েছে। তিনি বলেন, “আরও কিছুদিন পর নতুন সবজি উঠলে বাজারে দাম স্বাভাবিক হয়ে আসবে।”
বাজার মনিটরিংয়ের অভাবে ক্রেতারা অসহায়, অথচ রাজধানীতে সবজির দামের লাগাম টানার কোনো কার্যকর উদ্যোগ এখনো দেখা যায়নি।
আপনার মতামত লিখুন :