গুম-খুনে জড়িত জেনারেলদের বিচার দাবি এনসিপি নেতা আখতার হোসেনের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

আওয়ামী লীগ আমলে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনা, র‌্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কিছু জেনারেল শেখ হাসিনার আনুকূল্য পেতে গুম-খুনে জড়িত ছিলেন। এরা শুধু একটি পরিবার নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করেছেন।”

তিনি আরও বলেন, “বাহিনীর সদস্যদের মাধ্যমে গুম-খুন না হলে শেখ হাসিনা কখনো ফ্যাসিস্ট হতে পারতেন না। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হলে তাদের অপরাধের বিচার জরুরি।”

আখতার হোসেন জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “যারা ছাত্র-জনতার পক্ষে ছিলেন, তাদের অভিনন্দন জানাই। আর যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”

সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছান এনসিপির এই নেতা। পরে তিনি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করেন তিনি।

সংসদ নির্বাচন ও জোট রাজনীতি প্রসঙ্গে আখতার বলেন, “এনসিপি এখনো কোনো জোট আলোচনা শুরু করেনি। তবে জাতীয় স্বার্থে প্রয়োজনে আমরা জোটে যেতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “সংসদ নির্বাচনের আগে বিচার ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে—এটাই জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে।