ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান

ওসমানী উদ্যানে নির্মাণ হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’, ব্যয় ৪৭ কোটি টাকা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। রবিবার (১২ অক্টোবর) স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই প্রজেক্ট বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে। দুই পাশে ৮টি আয়তাকার কলাম এবং মাঝখানে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম থাকবে, যার উচ্চতা ৯০ ফুট। প্রবেশপথে এপিটাফ থাকবে এবং স্মৃতিস্তম্ভ এলাকায় কৃষ্ণচূড়া জাতীয় বৃহদাকার ফুলের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “নকশা ও নির্মাণে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।” তিনি আরও বলেন, বাজেট নিয়ে যেসব প্রশ্ন ওঠে তা জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নয়, বরং রাজনৈতিক অপচেষ্টা।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, স্মৃতিস্তম্ভের পাইলিং কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং চলতি বছরের ডিসেম্বরেই নির্মাণকাজ শেষ হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মৃতিস্তম্ভটি তৈরি হওয়ার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।