সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ (সোমবার, ১৩ অক্টোবর) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন। এ কর্মসূচির আয়োজন করেছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’।
শিক্ষার্থীদের পদযাত্রা সকাল ৯টা ৩০ মিনিটে নিজ নিজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে মূল অবস্থান কর্মসূচিতে মিলিত হবে। নির্ধারিত রুট অনুযায়ী ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজ, বকশীবাজার ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হবেন। একই সময়ে কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা ভবনের পথে রওনা দেবেন। অপরদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে যোগ দেবেন এই পদযাত্রায়।
আন্দোলন পরিষদের সমন্বয়ক মো. নাঈম হাওলাদার বলেন, “অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না করা হলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা সুস্পষ্ট রোডম্যাপ চাই, অস্পষ্ট প্রতিশ্রুতি নয়।”
শিক্ষার্থীদের অভিযোগ, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইনের বাস্তবায়ন নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়, যার প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
আপনার মতামত লিখুন :