সরকার চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান এবং মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস। নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিদের মধ্যে সোলায়মান ও আফসানা বিলকিস ২৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, আর সাইফুল ইসলাম ও মনিরা হক ২৭তম ব্যাচের কর্মকর্তা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ২০২৫ সালের প্রজ্ঞাপনের ভিত্তিতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :