সোশ্যাল মিডিয়ায় দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়ার খবর ছড়ানোর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার (১৫ অক্টোবর) ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে ভয় ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণ অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং নিয়মিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
জনসাধারণকে সতর্ক থাকতে ও জাল নোট শনাক্তে সাহায্য করার জন্য চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রঙ পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা যাচাই করা, বড় লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা, নগদ লেনদেনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা এবং সন্দেহজনক নোট বা তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা ৯৯৯-এ জানানো।
বাংলাদেশ ব্যাংক সচেতনতা বৃদ্ধি করতে “আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন” শ্লোগানে প্রচারণা চালাচ্ছে। এছাড়া আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শও দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :