সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, রিক্তার নামে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় ৩৩.৫ শতক জমি এবং রাজধানীর ধানমন্ডিতে ৪৭৮০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা। এছাড়া তার পাঁচটি ব্যাংক হিসাবে রয়েছে ১৯ লাখ ৭৩ হাজার টাকা।
দুদকের উপসহকারী পরিচালক আইনুন্নাহার রাইহান তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, রিক্তা ও তার স্বামী মুজিবুল হক অসৎ উদ্দেশ্যে পরস্পর সহযোগিতায় ৩ কোটি ২৮ লাখ টাকার বেশি জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী রিক্তা ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদক জানায়, তদন্তের স্বার্থে রিক্তার নামে থাকা ও তার স্বার্থ সংশ্লিষ্ট সব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :