ক্রীড়া উপদেষ্টা

জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আলোচিত মামলায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আন্দোলনের পেছনে কোনো ‘মাস্টারমাইন্ড’ বা প্রধান ব্যক্তি ছিলেন না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে জেরা চলাকালে তিনি এ মন্তব্য করেন। মামলাটিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আসিফ মাহমুদ।

জেরার একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী জানতে চান, “আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল কি না?”— উত্তরে আসিফ বলেন, “আমরা ৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক মিলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক ইন্ধন ছিল না, এবং সবাই সমান মর্যাদার ছিল।”

তিনি আরও জানান, আন্দোলনের যোগাযোগ মাধ্যম ছিল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। আন্দোলনের খরচও সংগঠনের সদস্যরাই বহন করতেন। বিদেশি প্রভাব বা ইন্ধনের অভিযোগও তিনি অস্বীকার করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজন গ্রেফতার ও চারজন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনাল গত ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।