ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় ঢাকাগামী একাধিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় অবতরণ করেছে।
শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে, দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইটটি কলকাতায়, আর শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটটিও চট্টগ্রামে অবতরণ করেছে।
এছাড়া হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি শাহজালালে অবতরণে ব্যর্থ হয়ে চট্টগ্রামের আকাশে চক্কর দিচ্ছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস–বাংলার একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় ফিরে গেছে।
ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ও মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ভিলেজের আগুনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।
আপনার মতামত লিখুন :