শিক্ষক-কর্মচারীরা

শহীদ মিনারে নবম দিনের মতো অনশন কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি আদেশ প্রত্যাখ্যান করে নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সোমবার সকালে শিক্ষকরা আমরণ অনশনের পাশাপাশি সমাবেশের ঘোষণা দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকদের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা পূর্ণ হয়ে ওঠে।

রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। আজ সকালে ফেসবুকে এক পোস্টে তিনি শিক্ষক সমাজকে সকাল ১০টায় শহীদ মিনারে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

এর আগে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনার পর অধ্যক্ষ আজিজী জানান, বিএনপি মহাসচিব তাদের দাবি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন এবং ২২ অক্টোবর শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে যোগ দেবেন।

তিনি আরও জানান, আমরণ অনশন কর্মসূচি চলবে এবং দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এই আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো—
*মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা,
*চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা,
*উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

গতকাল অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিকালে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয়। পরে তারা পুনরায় শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।