রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যা মামলায় অভিযুক্ত মাহির রহমানকে থানায় নিয়ে এসেছেন তার মা। সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে আরমানিটোলার একটি বাসায় টিউশনিতে গিয়ে খুন হন জোবায়েদ হোসাইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশ ওই বাড়ির সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাহিরসহ পাঁচজনকে আসামি করার প্রস্তুতি নেয় নিহতের পরিবার।
জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত অভিযোগ করেন, তারা পাঁচজনের নামে মামলা করতে চাইলে বংশাল থানার ওসি প্রথমে রাজি হননি এবং অভিযুক্তের সংখ্যা কমানোর পরামর্শ দেন। তবে ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, তারা যাদের নাম দিতে চান, সেই নামেই মামলা নেওয়া হবে, শুধু পরামর্শ দেওয়া হয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বংশাল থানার সামনে বিক্ষোভ করে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনের শোক ঘোষণা ও ২২ অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান স্থগিত করেছে।
আপনার মতামত লিখুন :