মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও কর্মরত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের কোন কারাগারে রাখা হবে, তা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ— এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আদালত সেনা কর্মকর্তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কাস্টডি মানে হলো, তারা এখন থেকে কারা কর্তৃপক্ষের অধীনে থাকবেন।”
তিনি আরও বলেন, “কারা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে—এই আসামিদের কোন জেলে বা সাব-জেলে রাখা হবে, ঢাকায় না চট্টগ্রামে, না অন্য কোথাও পাঠানো হবে। এটি আদালতের নয়, সরকারের বা সংশ্লিষ্ট কারা অধিদপ্তরের এখতিয়ার।”
চিফ প্রসিকিউটর জানান, আদালতের কাজ কেবল অভিযুক্তদের কাস্টডিতে পাঠানো পর্যন্ত সীমিত। এরপর তাদের হেফাজত, স্থানান্তর ও আদালতে হাজির করার বিষয়গুলো সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।
আপনার মতামত লিখুন :