ইন্টার মায়ামিতে ২০২৮ পর্যন্ত থাকছেন লিওনেল মেসি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন।

ক্লাবের প্রকাশিত এক বিবৃতিতে মেসি বলেন,
“এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পটি চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুশি। মিয়ামি ফ্রিডম পার্কের স্টেডিয়ামে খেলার স্বপ্ন এখন বাস্তব। মিয়ামিতে আসার পর থেকে আমি খুব সুখে আছি, তাই এখানেই কাজ চালিয়ে যেতে পারা আমার জন্য আনন্দের।”

ইন্টার মায়ামির সহমালিক ও ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম বলেন,
“মেসির নতুন চুক্তির সিদ্ধান্ত তার শহর, ক্লাব এবং খেলাটির প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তিনি এখনো জিততে চান, খেলাকে ভালোবাসেন এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের প্রসারে বিশাল ভূমিকা রাখছেন। ভবিষ্যৎ প্রজন্মের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি এক অনুপ্রেরণা।”

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যোগ দেওয়ার পরপরই দলকে প্রথম বড় শিরোপা লিগস কাপ জয়ে নেতৃত্ব দেন এই আর্জেন্টাইন তারকা, যা ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে।