রাজধানীর ফার্মগেট

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ২:৪০ অপরাহ্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় চলন্ত মেট্রোরেল থেকে হঠাৎ একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান জানান, “আমরা ডিউটিরত অবস্থায় কাছেই ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন।”

নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।