জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে: ইসি সচিব


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি এখন ৯০ থেকে ৯৫ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “যদি শতকরা হিসেবে বলা হয়, তাহলে বলতে পারি আমরা এখন ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া এই সপ্তাহেই সম্পন্ন হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “দুটি বিষয়ে কিছুটা ধীরগতি রয়েছে—একটি রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন। ২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনায় নেয়া হয়েছে, এবং মাঠপর্যায়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ চলছে। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে।”

পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে আখতার আহমেদ জানান, দেশীয় সংস্থাগুলোর যাচাই-বাছাই চলছে, সাংবাদিকদের সহায়তায় তথ্য ঘাটতি পূরণ করা হচ্ছে।

আরপিও (নির্বাচনী আইন) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন পরবর্তী ধাপে সিদ্ধান্ত নেবে। সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনাও হয়েছে, এবং তাতে কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি।”

তিনি আরও যোগ করেন, “ইসি আরপিও সংশোধন প্রস্তাব পাঁচটি দিক বিবেচনায় তৈরি করেছে—স্বচ্ছতা, ভাষাগত সংশোধন, রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তা, বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য, এবং কমিশনের নিজস্ব বিবেচনা। উপদেষ্টা পরিষদ এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে।”

এনসিপি দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন আগেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব আসেনি। আগের সিদ্ধান্ত অনুযায়ী সহবিবেচনায় একটি প্রতীক বরাদ্দ করা হবে।