মোহাম্মদ আজহারউদ্দিন

তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহাম্মদ আজহারউদ্দিন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার সকালে রাজভবনে রাজ্যের গভর্নর জিশ্নু দেব বর্মা তাঁকে শপথবাক্য পাঠ করান।

আজহারউদ্দিন কোন দপ্তরের দায়িত্ব পাবেন তা এখনও ঘোষণা হয়নি। তবে তাঁর যোগদানে তেলেঙ্গানা মন্ত্রিসভার দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো। পাশাপাশি, তিনি এই রাজ্যের কংগ্রেস সরকারের প্রথম মুসলিম মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

আজহারউদ্দিনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির অভিযোগ, আগামী ১১ নভেম্বর জুবিলি হিলস আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটারকে প্রভাবিত করার উদ্দেশ্যে তাঁকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।

তবে তেলেঙ্গানা কংগ্রেস বিষয়টি ভিন্নভাবে দেখছে। দলটির রাজ্যপ্রধান মহেশ গৌদ এনডিটিভিকে বলেন, “আমরা সংখ্যালঘুদের মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করার অঙ্গীকার করেছিলাম। তৎকালীন অন্ধ্র প্রদেশেও সংখ্যালঘুরা সব সময় মন্ত্রিসভায় ছিলেন। আজহারউদ্দিনকে অন্তর্ভুক্ত করে আমরা কেবল সেই সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করেছি।”

উল্লেখ্য, আজহারউদ্দিন এখনও বিধানসভা কাউন্সিলের সদস্য নন, যা মন্ত্রী হওয়ার জন্য আবশ্যক। তাঁকে গভর্নরের কোটায় কাউন্সিলে মনোনয়ন দেওয়া হয়েছে, তবে গভর্নর এখনো প্রস্তাবে স্বাক্ষর করেননি। নিয়ম অনুযায়ী, মন্ত্রিত্ব ধরে রাখতে হলে তাঁকে ছয় মাসের মধ্যে কাউন্সিল সদস্য হতে হবে।