প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

যানবাহন উন্নয়নে নদীকে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাবতে বললেন প্রধান উপদেষ্টা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

প্রকৃতি, পরিবেশ ও নদীকে রক্ষা করে সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। দ্রুত শৃঙ্খলায় না আনলে এটি দেশের অর্থনীতির জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াবে।”

রবিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “যোগাযোগের মাধ্যম হিসেবে নদীকে ভাবতে হবে। নদী আমাদের প্রাণ, তাই নদীর ক্ষতি না করে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। পানিকে শান্ত রাখতে হবে, কারণ পানি আমাদের বড় সম্পদ।”

বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ দেশের সমন্বিত পরিবহন খাতের একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যেখানে সড়ক, রেল ও নৌপথের সমন্বয় ঘটিয়ে একটি টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “এই পরিকল্পনা থেকে আমরা একটি শক্ত ভিত্তি পেলাম। এখন বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিকল্পনা করতে হবে অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে এবং আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগের দিকেও নজর দিতে হবে।”

বৈঠকে উপস্থিত পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

বিডা চেয়ারম্যান জানান, “২০৩০ সালের মধ্যে চট্টগ্রামে আরও তিনটি নতুন বন্দর চালু হবে, তাই এসব বন্দর থেকে সহজ ও কার্যকর সড়ক যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।