জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান বহাল, আরপিও সংশোধন অধ্যাদেশ জারি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। নতুন এই অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল জোট গঠন করলেও প্রতিটি দলকে নিজ নিজ নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে বিএনপি এই বিধানের বিরোধিতা করে জানায়, জোট প্রার্থীদের বড় দলের প্রতীকে ভোটের সুযোগ থাকা উচিত। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসারভেটিভ পার্টি (এনসিপি) ২০ ধারার এ সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

সব পক্ষের আলোচনার পর শেষ পর্যন্ত জোট প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক রাখার বিধানই বহাল রাখা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে কোনো জোটবদ্ধ দল অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না।

আরপিও সংশোধনের পর এখন নির্বাচন কমিশন (ইসি) নতুন বিধান অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি জারি করবে বলে জানা গেছে।