আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে মাঠপর্যায়ের পুলিশদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিস্তৃত নির্বাচন প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কোর্স অনুষ্ঠিত হয়। সেই প্রশিক্ষিত কর্মকর্তারাই বর্তমানে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন।
সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত হবে বিধায় প্রশিক্ষণের প্রধান লক্ষ্য প্রতিটি সদস্যকে দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার হিসেবে প্রস্তুত করা।
আইজিপি নিজে নির্বাচন প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন এবং রাজশাহী ও বগুড়ায় প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন। গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রশিক্ষণ জানুয়ারি পর্যন্ত চলবে।
ডিআইজি কাজী জিয়া উদ্দিন জানান, এবারই প্রথম নির্বাচনে পুলিশ সদস্যদের জন্য এত বৃহৎ পরিসরের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। নয়টি প্রশিক্ষণ মডিউলে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, প্রামাণ্যচিত্র, বুকলেট ও সংক্ষিপ্ত চলচ্চিত্র ব্যবহার করা হচ্ছে। এছাড়া ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাস্তবধর্মী মহড়া অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :