নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের অভিযোগে উল্লেখ করা হয়, নুরজাহান বেগম সম্পদ বিবরণীতে মোট ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদের কথা জানিয়েছেন। তদন্তে তার পারিবারিক ব্যয় বাদ দিয়ে ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া ২০১৯ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেন করেন বলেও দুদকের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ ও বিদেশে টাকা পাচারসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। ‘গডফাদার’ জয়নাল হাজারীর পরবর্তী সময়ে ফেনীর রাজনীতিতে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন এবং পরপর তিনটি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে জয় পান। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ত্যাগ করেন।