ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৮:২০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ‘বেআইনি ও সহিংস’ ঘটনার অভিযোগে মোট ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ঘটনাটির তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দফায় তদন্ত কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে দায়ী করে প্রতিবেদন জমা দেয়। পরে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি আরও শিক্ষার্থীর সম্পৃক্ততা চিহ্নিত করায় অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০৩ জন।

অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না— তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাত কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব না পেলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী একতরফা সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।