বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার উদ্যোগে অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। একই সঙ্গে জুলাই অভ্যুত্থান-পরবর্তী দায়িত্বশীল ও অধিকারভিত্তিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাবও দিয়েছে দেশটি।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ অমবুডসম্যান ব্যারোনেস নুয়ালা ও’লোন। দুই দিনের সফরে থাকা ও’লোন জানান, উত্তর আয়ারল্যান্ডের সংঘাত-পরবর্তী পুলিশ সংস্কারের অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগযোগ্য হতে পারে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য ধৈর্য, অংশগ্রহণ এবং বাস্তবসম্মত সময় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষাতে আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শান্তি ও স্থিতিশীলতা ইউনিটের পরিচালক ফিয়োনুলা গিলসেনান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ইউনূস আয়ারল্যান্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে আয়ারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত কেলি বলেন, বাংলাদেশ ও আয়ারল্যান্ড শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও বাড়বে।